1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

বিজ্ঞান প্রযুক্তি | 20.11.2008

বিরল প্রজাতির প্রাণীর খোঁজ

ইন্দোনেশিয়ায় বিরল প্রজাতির প্রাইমেট অর্থাত্‌ গঠনগত দিক থেকে মানুষের সঙ্গে মিল রয়েছে এমন এক স্তন্যপায়ী প্রাণীর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা৷ ৮০ বছরেরও বেশি সময় পর জীবিত অবস্থায় পিগমি টার্সিয়ার নামের ওই প্রাণীটি দেখা গেলো৷

ধরেই নেয়া হয়েছিলো প্রাণীটি বুঝি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে৷ পৃথিবীর অন্যতম ছোট এবং বিরল প্রজাতির প্রাইমেট এই পিগমি টার্সিয়ার৷

সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি পাহাড়ের উপর গত আগস্টে প্রথম ওই প্রাণী দেখেন তাঁরা৷ দুই মাস ধরে নানা চেষ্টার পর অবশেষে তাঁদের জালে ধরা পড়ে তিনটি পিগমি টার্সিয়ার৷ এর মধ্যে দুটো ছেলে ও একটি মেয়ে৷ প্রাণীগুলোর গা ভর্তি লোম৷ আকৃতি ইঁদুরের মতো৷ ছোট হলে কি হবে ধারালো দাঁত দিয়ে কামড়ে দিতে জানে ঠিকই! পিগমি টার্সিয়ার ধরার অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শ্যারন গুরস্কি-ডয়েন৷ টার্সিয়ারগুলোর গতিবিধি জানতে তাদের গলায় রেডিও কলার পরিয়ে দিতে গিয়ে কামড় খান তিনি৷

প্রাইমেট প্রজাতির মধ্যে অন্যতম ক্ষুদ্র হলো পিগমি টার্সিয়ার৷ ওজন ৫০ গ্রামের বেশি না৷ শরীরের তুলনায় চোখ আর কান বেশ বড়৷ মজার বিষয় হলো, এরা চট করে মাথা ঘোরাতে পারে ১৮০ ডিগ্রি পর্যন্ত৷ নখর রয়েছে এদের চার হাত-পায়ে৷ দিনের চেয়ে রাতে চলাফেরা করতে বেশি পছন্দ করে পিগমি টার্সিয়ার৷

প্রাণী বিশেষজ্ঞদের মতে, ১৯২১ সাল পর্যন্ত এশিয়ার বিভিন্ন দ্বীপে দেখা যেতো এ ধরনের টার্সিয়ার৷ সবার ধারণা ছিলো প্রাণীটি বিলুপ্ত হয়ে গেছে৷ কিন্তু ২০০০ সালে সুলাওয়েসি দ্বীপেই ইঁদুর ধরার সময় দুর্ঘটনাবশত বিজ্ঞানীদের ফাঁদে আটকা পড়ে মারা যায় একটি পিগমি টার্সিয়ার৷ সে হিসেবে ৮৭ বছর পর জীবিত এই প্রাণীর খোঁজ পেলেন বিজ্ঞানীরা৷ প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় আচ্ছন্ন পরিবেশ তাদের বেশ পছন্দ৷ পাহাড়ের প্রায় ৭ হাজার ফুট উঁচুতে খোঁজ মেলে এদের৷

 

হাফসা হোসাইন

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen