বিজ্ঞান প্রযুক্তি | 14.11.2008
নদীই জীবন, নদীই মরন
নদীমাতৃক দেশ বাংলাদেশ৷ গোটা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে কত নদী, খাল-বিল৷ এক সময় এই নদনদীই ছিলো বাংলার প্রকৃতির অন্যতম লীলা৷ কিন্তু কালের বিবর্তনে এখন তা পরিণত হয়েছে দুর্ভোগে৷
একসময়ের ভরা নদীর বুকে এখন জেগে থাকে শুকনো চর৷ আবার বর্ষাকালে সে নদী দু কুল উপচে পরিণত হয় মানুষের মরণফাঁদে৷ এর ওপর প্রতিবছর নদী ভাঙ্গনের ফলে পরিবেশ উদ্বাস্তুতে পরিণত হচ্ছে হাজার হাজার মানুষ৷
Bildunterschrift: Großansicht des Bildes mit der Bildunterschrift: ভারত থেকে আসা নদীগুলোর পানি প্রবাহ নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে বাংলাদেশ
কিন্তু এই বন্যার কারণ কি? নদীর পাড়ই বা কেন প্রতিবছর ভেঙ্গে চলেছে? পরিবেশ ও নদী বিশেষজ্ঞদের মতে, চারটি কারণে বাংলাদেশে প্রতিবছর বন্যা হয়ে থাকে৷ এর প্রধান কারণ হলো বর্ষা মৌসুমে নদীগুলোর পানি দু কুল উপচে পড়া৷ কিন্তু নদীর কুল উপচে পড়ার কারণ কি? বিশেষজ্ঞদের মতে পানির অভাবে বাংলাদেশের অনেক নদীই এখন শুকিয়ে গেছে৷ ব্রহ্মপুত্র, করতোয়া, ভৈরব, বাঙ্গালী, সুরমা, কুশিয়ারা সহ অনেক নদীই শুকনো মৌসুমে পানির অভাবে শুকিয়ে যায়৷
পানির অভাবে এসব নদীতে চর জেগে ওঠায় নদীর তলাও অনেক উপরে উঠে আসে৷ ফলে বর্ষা মৌসুমে যখন নদীতে পানি চলে আসে তখন তা ধারণ করার মত জায়গা থাকে না এসব নদীগুলোর৷ ফলে বন্যার সৃষ্টি হয়৷ বন্যার আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশে গত কয়েক বছরে প্রচুর রাস্তাঘাট হয়েছে৷ কিন্তু পরিকল্পিতভাবে এসব রাস্তা তৈরী না হওয়ায় পানির স্বাভাবিক গতিপথে তা বাধার সৃষ্টি করে৷ এছাড়া খাল বিল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশিত হতে পারে না৷ তাই এটাও বন্যার আরেকটি কারণ৷
তৃতীয় কারণ হচ্ছে, পাহাড়ি ঢল থেকে নামা পানির প্রবাহ৷ বাংলাদেশের উত্তরাঞ্চল সহ পাহাড়ি অঞ্চলগুলোতে প্রতিবছর এ ধরণের বন্যার সৃষ্টি হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন৷ এছাড়া জলোচ্ছাসের কারণে উপকুলে যে জোয়ারের সৃষ্টি হয় তার ফলেও বন্যা হয়৷ বর্ষা মৌসুমে বন্যা ছাড়াও অতিরিক্ত পানি প্রবাহের ফলে প্রতি বছর নদী ভাঙ্গনের ঘটনাও এখন স্বাভাবিকে পরিণত হয়েছে৷
বাংলাদেশের পরিবেশ ও ভৌগোলিক তথ্য কেন্দ্র বা সিইজিআইএস এর হিসেব অনুযায়ী আগামী ২০২৫ সাল নাগাদ ব্রহ্মপুত্র, পদ্মা ও মেঘনা নদীর অববাহিকার কমপক্ষে সাড়ে তিন হাজার কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে৷ কেবল আগামী বছরে এ তিনটি নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত ২৯ হাজার লোক পরিবেশ উদ্বাস্তুতে পরিণত হবে বলে আশংকা করছে সিইজিআইএস৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারত থেকে আসা নদীগুলোর পানি প্রবাহ নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে বাংলাদেশ৷ উল্লেখ্য, বাংলাদেশে অবস্থিত ৫৪ টি নদীর উত্স ভারতে অবস্থিত৷










