1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

চলতি ঘটনা

খালেদা জিয়ার পাচার করা সম্পদের তদন্ত হচ্ছে

অচিরেই খালেদা জিয়ার ছোট ছেলে কোকো সহ দুর্নীতিবাজদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ৷ আর খালেদা জিয়ার পাচার করার সম্পত্তিরও তদন্ত হচ্ছে৷

আবার তদন্তের মুখে খালেদা জিয়া

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি৷ এছাড়া বিরোধী দলের আন্দোলনের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধ এবং দুই ছেলেকে বাঁচানোর আন্দোলন হলে কঠোরভাবে তা দমন করা হবে৷

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ৷ সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে অপপ্রচারের জবাবে তিনি বলেন, সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার চক্রান্ত চলছে৷ সরকারের ঘোষনা অনুযায়ী দুর্নীতিবাজদের বিচার করা হবে৷ আর খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোও এর বাইরে থাকবে না৷ তাঁর অভিযোগ, ক্ষমতার শেষভাগে বেগম খালেদা জিয়া সৌদি আরবে যাওয়ার সময় লাগেজ ভর্তি সম্পদ পাচার করেছেন৷ ওই সম্পদ ফিরিয়ে আনারও ব্যবস্থা হবে৷ পাচার করা সম্পদের ব্যাপারে তদন্ত চলছে৷

বিরোধী দলের পক্ষ থেকে ঈদের পর আন্দোলন করার হুমকির জবাবে হানিফ বলেন, জনগণের ইস্যু ছাড়া আন্দোলন কঠোর হাতে দমন করা হবে৷

‘‘শেখ হাসিনাকে জিয়াউর রহমানই রাজনীতি করার সুযোগ দেন'' – বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে মাহবুবুল আলম হানিফ বলেন, জনগণের চাপের মুখে জিয়া তাঁকে দেশে ফিরতে দিতে বাধ্য হন৷ বিরোধী দলকে সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান হানিফ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

এই ক্যাটেগরি’র আরো প্রতিবেদন

৫২'র ভাষা আন্দোলনে সামিল ছিলেন যারা, সেই ভাষা সৈনিকদের নিয়ে আমাদের বিশেষ পরিবেশনা৷